ট্যাগ সড়ক দুর্ঘটনা

  • ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

    ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

    শেরপুরের নকলায় ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে নাজিফ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরও চারজন। একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশায় চাপা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। 

    ডেস্ক নিউজঃ

    সোমবার  দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) ও সিএনজি চালক (৪৮)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। ঈদ উপলক্ষে তার স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নাজিফ। দুর্ঘটনায় নজরুলের স্ত্রী সুমি আক্তার, দুই সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

    এম কে

  • ময়মনসিংহে চার গাড়ির সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৬

    ময়মনসিংহে চার গাড়ির সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৬

    ডেস্ক নিউজঃ

    শুক্রবার  দুপুরে ময়মনসিংহের ভালুকায় ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী ও এক বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

    ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন বলে তিনি নিশ্চিত করেন।

    এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    এম কে

  • অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ

    অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ

    ডেস্ক নিউজ:

    সড়কে প্রাণহানি থামছেই না। গত অক্টোবর মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪২৩ জন মানুষ। একই সঙ্গে আহত হয়েছেন ৫৮৯ জন মানুষ।

    বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সম্প্রতি স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

    এসবের মধ্যে ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৮টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত ও ১৮৮ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২৩টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৫১টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

    অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার বা জিপ ১৫টি, বাস বা মিনিবাস ১১৪টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১২৪টি, পিকআপ ৩১টি, মাইক্রোবাস ২৩টি, মোটরসাইকেল ১৬৪টি, ভ্যান ২২টি, ট্রাক্টর ৫টি, ইজিবাইক ২৭টি, ব্যাটারিচালিত রিকশা ১১টি, অটোরিকশা ৪১টি ও অন্যান্য যান ১১৮টিসহ সর্বমোট ৬৯৫টি যানবাহন রয়েছে।

    এসবের মধ্যে মোটরকার বা জিপ দুর্ঘটনায় ২ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৬৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৮ জন, পিকআপ দুর্ঘটনায় ১১ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৮ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩০ জন, ভ্যান দুর্ঘটনায় ২১ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১১ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩২ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৬ জনসহ সর্বমোট ৪২৩ জন নিহত হয়।

    আর খান

  • চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

    চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

    1.  যশোরের চৌগাছায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সাগর (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চৌগাছা-যশোর সড়কের তারিনিবাস মাঝের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার মাশিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

     

    স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সাগর হেলমেট পরিহিত অবস্থায় নিজ বাড়ি থেকে  মোটরসাইকেলে যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারিনিবাস মাঝের পাড়া এলাকায় পৌঁছালে এপাচি আরটিআর মোটরসাইকেলটি (নম্বর: যশোর-ল-১২-২৮০৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা খায়। এতে সাগর গুরুতর আহত হন।

     

    স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।