ক্যাটাগরি খুলনা বিভাগ

  • বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধ নাতনি ধর্ষণের অভিযোগ

    বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধ নাতনি ধর্ষণের অভিযোগ

    বিডি নিউজ ডেস্ক:

    যশোরে খেলনা কিনে দেয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রমজান কাজী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নির্যাতনের শিকার ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আটক রমজান কাজী ওই গ্রামের মৃত শাহাদৎ কাজীর ছেলে। অভিযুক্ত সম্পর্কে ভুক্তভোগীর আপন দাদা।

    নির্যাতিত শিশুটির মা জানান, তার স্বামী পেশায় রাজমিস্ত্রি এবং তারা নড়াইল শহরে বসবাস করেন। অক্টোবর মাসের প্রথম দিকে তার শ্বশুর রমজান কাজী নড়াইলে বেড়াতে আসেন। ফেরার সময় তিনি মেয়েকে সঙ্গে করে নিয়ে যান। ১৫ দিন পর, ৩০ অক্টোবর সকালে মেয়েকে নিতে যশোরে আসি।

    তিনি আরও বলেন, এ সময় মেয়ে জানায় দুই দিন আগে তার দাদা খেলনা কিনে দেয়ার কথা বলে তাকে ধর্ষণ করেছে। মেয়ে ওই বাড়ি থেকে তাকে সঙ্গে নিয়ে যেতে বলে। এরপর মেয়েকে নিয়ে নড়াইলে ফিরে যাই এবং স্বামীকে বিষয়টি জানাই। পরে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানায় গিয়ে অভিযোগ দিয়েছি।

    বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজান কাজীকে গ্রেফতার করা হয়েছে। এরপর রাত ১টার দিকে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • ভবদহ জলাবদ্ধতা নিরসনে খনন হচ্ছে ছয় নদী

    ভবদহ জলাবদ্ধতা নিরসনে খনন হচ্ছে ছয় নদী

    বিডি নিউজ ডেস্ক

    যশোরের ভবদহ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে ওই এলাকার ছয়টি নদীর ৮১.৫ কিলোমিটার খনন করা হবে। ১৪০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে যশোর, খুলনা ও সাতক্ষীরার পাঁচ উপজেলার ১০ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

    সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজটি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে এ কাজ উদ্বোধন করেন।  ভবদহ স্লুইস গেটের পাশে এসকেভেটর দিয়ে নদী থেকে মাটি তোলার মাধ্যমে খনন কাজ শুরু হয়। নদীগুলো হলো শ্রী, হরি, টেকা, হরিহর, আপার ভদ্রা ও তেলিগাতি।

    আলোচনা সভায় উপদেষ্টা বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টাকরছে। ভবদহ জলাবদ্ধতা সমস্যাকে অনেক গভীর সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে এ সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার। নদী খনন কাজে যুক্ত হওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর ৮১.৫ কিলোমিটার খননের মাধ্যমে জলাবদ্ধ এলাকার পানি সরিয়ে ফেলা হবে। এতে স্বল্প ও মধ্যমেয়াদি সমস্যার সমাধান হবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে। সবাই মিলে সেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেন।

    জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আবদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বাঁশের সাঁকো যাতায়াতের ভরসা

    বাঁশের সাঁকো যাতায়াতের ভরসা

    বিডি নিউজ ডেস্ক

    যশোরের কেশবপুরের মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘ মাস ধরে জলাবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র ভরসা এখন বাঁশের সাঁকো।

    কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পূর্বাংশের শেষ প্রান্তের অবহেলিত জনপদের নাম বাগডাঙ্গা মনোহরনগর। উপজেলা সদর থেকে যার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দীর্ঘদিন এই গ্রামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামের শেষ প্রান্তে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়টি।

    মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়টি পরিদর্শনকালে দেখা গেছে, বিদ্যালয়টির খেলার মাঠ প্লাবিত হয়ে আছে। বিদ্যালয়টির ১৯০ জন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে প্রবেশের জন্য বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয়।

    বিদ্যালয়ের শিক্ষার্থী তন্বী সরকার বলেন, আমাদের বিদ্যালয়টি প্লাবিত হয়ে আছে। যাতায়াতের জন্য আমাদের খুব সমস্যা হয়।

    পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল জানান, বিদ্যালয়টি দীর্ঘদিন প্লাবিত থাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুব সমস্যা হয়। তাদের যাতায়াতের সুবিধার জন্য বিদ্যালয়ে প্রবেশের মুখ হতে বিদ্যালয়ের ভবন পর্যন্ত যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলে তিনি জানান।

    মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় চক্রবর্তী বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন প্লাবিত থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুব সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম রায় বলেন, বিদ্যালয়টি বছরের ৬/৭ মাস জলাবদ্ধ থাকে। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য মাঠ ভরাট করার প্রয়োজন।

  • বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

    বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

    বিডি নিউজ ডেস্ক

    বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধানের গোলাঘর থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে দৌলতপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
    আটক আতাউর রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বিওপির সদস্যরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ধান রাখার একটি গোলাঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমানকে আটক করা হয়।
    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, “আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”
  • ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা খুন

    ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা খুন

     

    বিডি নিউজ ডেস্ক

    যশোরের ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা শ্বশুর খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

    নিহতের নাম মহিউদ্দিন (৭০) উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামের বাসিন্দা।

    এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের বিয়ে হয় তিন বছর আগে। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। রবিবার রাত ৯টার দিকে তবিবর তার ৫-৬ সহযোগী নিয়ে মহিউদ্দিনের বাড়িতে এসে সাবেক স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মহিউদ্দিন ও পরিবারের সদস্যরা বাধা দিলে তবিবর ও তার দল চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
    এতে মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আত্মীয় আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করলে তবিবরের সঙ্গে থাকা দুইজন আহম্মদ আলী (২৬) ও মোহন (৩০) গণপিটুনিতে আহত হন।

    আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়।
    ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

  • চৌগাছায় শিক্ষা প্রতিষ্ঠানের ২০০মিটারের মধ্যে থাকবেনা বিড়ি-সিগারেটের দোকান, বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবেনা শিক্ষার্থীরা

    চৌগাছা প্রতিনিধি
    যশোরের চৌগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহিনুর আক্তার।
    সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে উপজেলার কোন মাধ্যমিক বিদ্যালয় ও মদরাসার শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবে না। এছাড়া উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ২০০ মিটারের মধ্যে কোন বিড়ি সিগারেটের দোকান থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পত্র দিয়ে সকল প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি জানিয়ে দেবেন। এছাড়াও প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়মাসে কমপক্ষে একবার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করার সিদ্ধান্ত হয়।
    সভায় বক্তব্য রাখেন চৌগাছা পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি), প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ওয়াজেদ আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিজিবি শাহাজাদপুর ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, এসএম মোমিনুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, নূরুল কদর, চৌগাছা সদর ইউপির প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ, চৌগাছা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হামিদ কেনেডি, তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক শামিমুর রহমান প্রমুখ।
    উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, হাজী মর্ত্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক এনামুল কাদির টুল্লুসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
    ডেইলি বিডিটি/এআর/নিইআর/
  • আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

    আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

    বিডি নিউজ ডেস্ক

    যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার রাত ৯ টার দিকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়াপাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগসহ আরও কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

    ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের এসআই আবু হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে গ্রেফতার করা হয়।

    অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়।  এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত থাকতে পারে।

    সুত্র: যুগান্তর

  • যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    বিডি নিউজ ডেস্ক

    যশোরে বিজিবির অভিযানে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের  সোহেলের ছেলে। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

    যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ জানান যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • মেহেরপুরের আমদহে অ্যাড. কামরুল হাসানের লিফলেট বিতরণ ও গণসংযোগ

    মেহেরপুরের আমদহে অ্যাড. কামরুল হাসানের লিফলেট বিতরণ ও গণসংযোগ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৩১ দফা দাবি প্রচারের অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বুধবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি বাজারের সাধারণ মানুষের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মহাজনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক সোনা গাইন, আমদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মুজিবনগর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    চলমান কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ধাপে ধাপে একই ধরনের গণসংযোগ ও প্রচারণা চালানোর ঘোষণা দেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

  • মনিরামপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

    মনিরামপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

    বিডিনিউজ ডেস্ক

    যশোরের মনিরামপুর উপজেলায়  চায়ের দোকানে ঢুকে যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজাহার আলীর ছেলে।  তিনি সীমান্ত পরিবহন নামের একটি বাসের কাউন্টারের স্টাফ হিসেবে কাজ করতেন।

    আহত তারেক গাজী (৩০) একই গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে। তাঁকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে তারেক গাজীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। মোটরসাইকেল থেকে নেমে তাঁরা দোকানে ঢুকে আশরাফুলের ওপর হামলা চালান। ধারালো ছুরির কয়েকটি আঘাত তাঁর বুকে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে রক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হন তারেক গাজী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার তদন্ত চলছে।