জানুয়ারি 31, 2026

স্থান :

/

/

কুমিল্লায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

নভেম্বর 11, 2025

ডেস্ক নিউজঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার কালা মিয়ার ছেলে মমতাজ মিয়া (৩৫), নাঙ্গলকোট উপজেলার মোড়েশ্বর গ্রামের আবুল বাশার (৫৮) ও তার স্ত্রী মোরশেদা বেগম (৫২)।

আহতদের মধ্যে চারজন হলেন— নাঙ্গলকোট উপজেলার মোড়েশ্বর গ্রামের দুর্ঘটনায় নিহত আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা কাজী বাড়ির সামনে চৌদ্দগ্রামমুখী ট্রাকের সাথে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ধুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে দুইজন পুরুষ ও একজন নারীসহ তিনজনের লাশ উদ্ধার করে। নিহতরা সবাই সিএনজির যাত্রী।

এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাতনামা আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা পৌনে ৭টায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম শেষ করে।

প্রত্যক্ষদর্শী হাফেজ মুর্তজা ও নাসরিন বেগম বলেন, ‘সিএনজি ও অটোরিকশাচালকদের অসচেতনতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সড়কের মোড়ে গতি নিয়ন্ত্রণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।’

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন মারা গেছে।’

এম কে

টপিক :

স্থান :

/

/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন