বিডিটাইমস ডেস্কঃ
মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি মুন্সীগঞ্জে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ও একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল ৯টা খেকে সিরাজদিখানের বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া, গোবর্দী থেকে গণসংযোগ ও নির্বাচনি প্রচার শুরু করেন। বিকালে মধ্যপাড়া, মালপদিয়া, ধামালিয়া, ত্রিনাথ তলা মন্দির, মালপদিয়া বকুলতলা, কাকালদী রমনা মার্কেটসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।
শেখ মো. আব্দুল্লাহ এ সময় দোকানদার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের মধ্যে লিফলেট বিতরণ করেন। বিএনপির সমর্থক অনেকের সঙ্গে ছবি তোলেন।
শেখ আব্দুল্লাহ বলেন, মাদক আজ সমাজের সবচেয়ে বড় অভিশাপ। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচিত হলে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদকমুক্ত করতে কাজ করব।
তিনি আরও বলেন, এ অঞ্চলে শিল্পায়ন ও উচ্চশিক্ষার অভাব রয়েছে। তাই কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে একটি ইপিজেড এবং একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব। এতে হাজারও তরুণ-তরুণীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, আজিম আল রাজী, মো. রহিম শেখ, ইয়াছিন সুমন, মাহমুদা আক্তার, মো. হালীম বেপারী, মো. আকাশ শেখ, মো. মজিবুর, মো. আজিজুল শেখ, মো. ইকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।