রংপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমে সড়কটি এখন জনসাধারণের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মূল পথটির অধিকাংশ জায়গাই ভাঙাচোরা। বিশেষ করে ভারি যানবাহন চলাচলের ফলে গর্তগুলো দিন দিন আরও বড় হচ্ছে। রিকশা, অটো-রিকশা এমনকি ব্যক্তিগত গাড়িগুলোও হেলেদুলে ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায় প্রতিদিনই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মাহিগঞ্জ এলাকাটি রংপুরের অন্যতম ব্যবসা কেন্দ্র হওয়ায় এই সড়কটি অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্যেও ধস নেমেছে। বড় বড় গর্তসহ সড়কজুড়ে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংস্কার কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।
এর আগে ‘কর্তৃপক্ষ মারা গেছে’ মর্মে সড়কের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী গত বছরের ২০ জুলাই অভিনব প্রতিবাদ জানিয়ে প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করে। তারপরও টনক নড়েনি কর্তৃপক্ষের।
স্থানীয় অটো-রিকশা চালক মমতাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় গাড়ি চালাইলে দিনশেষে শরীরের হাড়গোড় ঠিক থাকে না। চাকা দেবে যায়, মাঝেমধ্যে রিকশা উল্টে যাত্রী আহত হয়। আমরা বারবার বলে আসলেও কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না।